দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়ে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্যসহ (এমপি) কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা, আইনজীবী ও ব্যবসায়ী। গতকাল শনিবার রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারা বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ উপলক্ষে দলে যোগদান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বিএনএম। এ পর্যন্ত পাঁচজন সাবেক এমপি বিএনএমে যোগ দিয়েছেন এবং মনোনয়ন ফরম নিয়েছেন জানিয়ে বিএনএমের মহাসচিব মো. শাহজাহান বলেন, ‘বিএনপির চারজন এবং জাতীয় পার্টির একজন সাবেক সংসদ সদস্য বিএনএমে যোগদান করেছেন। আমরা সংসদে একটি শক্তিশালী বিরোধী দল দেখতে চাই। শুধু উন্নয়ন দিয়ে দেশের মানুষকে কাক্সিক্ষত লক্ষ্যে নেওয়া যায় না।
তাই দয়া করে আমাদের বিশ্বাস করুন।’ বিএনএমে যোগ দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নবম জাতীয় সংসদে নীলফামারী-১ আসন থেকে জাতীয় পার্টির টিকিটে নির্বাচিত সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী। একাদশ সংসদ নির্বাচনেও জাতীয় পার্টির মনোনয়নে ভোট লড়েছিলেন তিনি। এ ছাড়া কক্সবাজার-২ আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফ বাদশা। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ২০২২ সালের ১১ জুন শরীফ বাদশাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এদিকে নির্বাচনে অংশগ্রহণ না করলেও হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মীর হাসমত আলী আনুষ্ঠানিকভাবে বিএনএমে যোগদান করেছেন। এ ছাড়া দলটিতে যোগ দিয়েছেন সাবেক ডিআইজি ড. মুনিরুজ্জামান, নৌবাহিনীর সাবেক কর্মকর্তা সাজেদুল করিমসহ কয়েকজন আইনজীবী ও ব্যবসায়ী। সাবেক কয়েকজন এমপি বিশেষত বিএনপির কয়েকজন হেভিওয়েট নেতার বিএনএমে যোগদানের গুঞ্জন ছিল।
তবে ২০ নভেম্বর যোগ দেওয়া সাবেক চার এমপি ছাড়া বিএনপির অন্য কেউই এ দলে যোগ দেননি। তাদের মধ্যে ফরিদপুর-১ আসনের সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে বিএনএমের মহাসচিব শাহজাহান বলেন, ‘এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন। চেয়ারম্যান যেকোনো সময় এসে যোগ দিতে পারেন। আমরা চমকের অপেক্ষায় আছি।’ চলতি বছরের আগস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট করার ঘোষণা দিয়েছিল বিএনএম। গতকাল পর্যন্ত দলটি প্রায় ২৯১ আসনে মনোনয়ন ফরম বিক্রি করেছে। আজ রবিবার বেলা ১১টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। গতকাল যারা বিএনএমে যোগ দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন মো. সিরাজ (সুপ্রিম কোর্টের আইনজীবী), ইসলাম ইবনে শাইখ (সভাপতি, সুজন কুমিল্লা দক্ষিণ), জাকির হোসেন লিটু ফরিদপুর-৩ (বাংলাদেশ লেবার ফেডারেশনের নেতা), অধ্যাপক ডা. রফিকুল ইসলাম (চিকিৎসক), মো. খলিলুল্লাহ (সাতক্ষীরা, ব্যবসায়ী), মো. সাইদ হাসান (প্রকৌশলী)।
