চালকদের মানববন্ধন

ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ সংশোধনের দাবি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:৪০ এএম

পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্সে ভুল হওয়া জন্ম তারিখ সংশোধন ও স্মার্ট কার্ড প্রাপ্তিতে শিথিলতা প্রদানের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন পেশাদার গাড়ি চালকরা। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও মাগুরা জেলার শতাধিক ভুক্তভোগী গাড়ি চালক এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এম জেনারুল ইসলাম, রিপন মণ্ডল, মামুন অর রশিদ মামুন, সিরাজুল ইসলাম, মিল্টু জোয়র্দ্দার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কয়েক বছর ধরে স্থানীয় বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন ফাইল পড়ে আছে। ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ সংশোধনের দাবি তুলে গত তিন মাসে আরও দুবার মানববন্ধন করা হয়।

বক্তারা বলেন, একজন পেশাদার চালক চার থেকে পাঁচ বার নবায়ন করে স্মার্ট কার্ড পাওয়ার পরও বর্তমানে জন্ম তারিখ ভুলের কারণে ড্রাইভিং লাইসেন্সের নবায়ন করতে পারছেন না। আগে ২০ বছরের ঊর্ধ্বে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হতো। ২০২১ সালের দিকে এক প্রজ্ঞাপনে ২১ বছরের ঊর্ধ্বে পেশাদার ডাইভিং লাইসেন্স দেওয়ার জন্য বলা হয়েছে। আগে যারা ২০ বছর বয়সের ঊর্ধ্বে লাইসেন্স পেয়েছেন তারা বর্তমানে নবায়ন করতে এসে ২০২১ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ২১ বছরের সীমায় আটকে যাচ্ছেন। অনেক চালকের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরও জন্ম তারিখের জটিলতার কারণে তারা লাইসেন্স পাচ্ছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত