'শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি'

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:০৬ এএম

রাজধানীর মালিবাগে একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখের ছেলে মিজানুর।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানান, শনিবার দিবাগত রাত ১১টায় মালিবাগ ডিআইটি রোডে 'হোটেল সবুজ বাংলা (আবাসিক)' এর চতুর্থ তলার একটি রুমে ওঠেন মিজানুর। সকালে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রুমটির দরজা খোলা ছিল। আর রুমের ভেতর বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। তবে তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তবে তার স্ত্রী জানাতে পারেননি, মিজানুর ঢাকার কোন এলাকায় থাকতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত