কিশোরগঞ্জ-২ আসনে বসকে হটিয়ে শিষ্যের মনোনয়ন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদকে হটিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক অতিরিক্ত উপ মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কাহার আকন্দ।

রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮টি আসনে নৌকা প্রার্থীদের নাম ঘোষণার সময় তার নামও ঘোষণা করেন। ফলে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের বদলে এবার আব্দুল কাহার আকন্দই আওয়ামী লীগ প্রার্থী হিসেবে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও এই আসনে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা, ২০০৪ সালের আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, বিডিআর বিদ্রোহসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার তদন্ত করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ।

মনোনয়ন পাওয়ার পর আবদুল কাহার আকন্দ সাংবাদিকদের বলেন, আমাকে নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কটিয়াদী ও পাকুন্দিয়ার মানুষ এই ঘোষণায় উচ্ছ্বসিত। আমি জয়ী হলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন করব। এ ছাড়া নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে অন্যান্য প্রকল্প গ্রহণ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত