টাইমড আউটের ধারণা হয়তো কিছুদিন আগেও ক্রিকেট বিশ্বের সেভাবে ছিল না। সাকিব আল হাসান বিশ্বকাপের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে সেটা করার পর জনপ্রিয় হয়ে উঠেছে। এখন যেন সেটা ট্রেন্ডে রূপ নিয়েছে। পাকিস্তানে চলমান লিগেও এক ব্যাটসম্যান টাইমড আউটের শিকার হন। সেটার রেশ কাটতে না কাটতে আরও একবার এমন ঘটনার মুখোমুখি হতে চলেছিল বিশ্ব। তবে শেষে আর হয়নি।
আগামী মাসেই শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। তার আগে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন অনুশীলন ম্যাচ খেলে। আর সেখানেই ঘটে মজার এক কাণ্ড।
উইকেট হারানোর পর সৌদ শাকিল নামতে দেরি করেছিলেন। তখনই সরফরাজ আহমেদ টাইমড আউটের আপিল করেন। আর সেটা শুনতে পেয়ে ঝড়ের গতিতে দৌড়ে এসে উইকেটে দাঁড়ান শাকিল।
পরে শাকিলের সঙ্গে পাকিস্তানি অন্য ক্রিকেটারদেরও বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠতে দেখা যায়।
