মৌলভীবাজার-৩ (রাজনগর-মৌলভীবাজার সদর) আসনে বর্তমানে এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদকে পেছনে ফেলে জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা কমিটির উপদেষ্টা ও ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান বাগিয়ে নিয়েছেন নৌকার টিকিট।
গতকাল রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমানের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ আসনে বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ ছাড়াও সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কানাডাপ্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল গাফ্ফার, সাবেক জেলা ছাত্রলীগ নেতা যুক্তরাজ্যপ্রবাসী টিপু আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ চৌধুরী দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
নাম ঘোষণার পর মনোনীত প্রার্থী জিল্লুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, তারণ্যনির্ভর স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে অঙ্গীকার আর সে পথের যাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাকেও এই যাত্রায় সঙ্গী করায় মাননীয় নেত্রীর প্রতি মৌলভীবাজার-রাজনগরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা।
তিনি লিখেছেন, মৌলভীবাজার-রাজনগরবাসী আপনাদের ভরসার জায়গা পরিপূর্ণ করতে সবাইকে সাথে নিয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রায় পরিকল্পনা মাফিক কাজ করাই আমার লক্ষ্য।
এ ছাড়া মৌলভীবাজার জেলায় মনোনয়নপ্রাপ্তদের মধ্যে মৌলভীবাজার-১ আসনে মো. শাহাব উদ্দিন মনোনয়ন পেয়েছেন। তিনি বর্তমান সংসদ সদস্য ও সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন পেয়েছেন মো. শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি এ আসনের নতুন মুখ। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মৌলভীবাজার-৪ আসনে ড. আব্দুস শহীদ মনোনয়ন পেয়েছেন। তিনি এ আসনের ছয়বারের নির্বাচিত এমপি ও সাবেক চিফ হুইপ।
