সিয়েরা লিওনে বিদ্রোহীদের হামলায় নিহত ২০, পলাতক ২০০০ কারাবন্দি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে একটি সামরিক ব্যারাক, একটি কারাগার এবং অন্যান্য স্থানে বিদ্রোহীদের হামলায় বিশ জন নিহত হয়েছে এবং কারাগারে থাকা প্রায় দুই হাজার বন্দী পালিয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন সেনা রয়েছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ইসা বাঙ্গুরা। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন রয়টার্স।

স্থানীয় সময় রবিবার দেশটির বিভিন্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদাবায়ো হামলার জন্য সেনা বাহিনীর ‘বিপথগামী’বিদ্রোহী সেনাদের দায়ী করেছেন।

তবে হামলাকারী বেশিরভাগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, রাজধানী ফ্রিটাউনে গত রোববার বিদ্রোহী সেনারা দিনভর হামলা চালিয়েছেন। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সিয়েরা লিওনের সেনা বাহিনীর মুখপাত্র কর্নেল ইসা বানগুরা রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৩ জন সেনা সদস্য, ৩ জন হামলাকারী বিদ্রোহী সেনা, একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক এবং একজন বেসরকারি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও আট জন এবং গ্রেপ্তার করা হয়েছে তিন জন হামলাকারী সেনাকে।

এছাড়া কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন যে, হামলাকারীরা প্রবেশ করার পরে প্রায় ১৮৯০ জন বন্দি পদেম্বা রোড কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেছে। তবে এ পর্যন্ত ২৩ জন ফিরে এসেছেন।

সোমবার এক বিবৃতিতে দেশটির পুলিশ বন্দিদের কারাগারে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং পালিয়ে যাওয়া বা আক্রমণকারীদের অবস্থান সম্পর্কে বিস্তারিত বিবরণের জন্য স্থানীয় জনগণকে পুরষ্কারের প্রস্তাব দিয়েছে।

রোববারের হামলার পর দেশজুড়ে কারফিউ জারি করেছিল সিয়েরা লিওনের সরকার। সোমবার থেকে তাও শিথিল করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত