লক্ষ্মীপুর সদর উপজেলায় স্ত্রী-সন্তানদের ঘরের মধ্যে আটকে বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে এক ব্যক্তি। এতে তার দুই সন্তানের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কামাল হোসেন পেশায় রিকশাচালক। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ।
আগুনে দগ্ধ হয়ে মৃতরা হলো কামালের মেয়ে আয়েশা আক্তার (৭) ও ছেলে আবদুর রহমান (৩) ।
এ সময় স্ত্রী সুমাইয়া আক্তার (৩৪) আগুনে পুড়ে গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা মাহফুজ আলম ও অটোরিকশাচালক মানিক হোসেন বলেন, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছে। মাদক সেবন নিয়ে স্ত্রী সুমাইয়ার সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। ঘটনার সময় তার স্ত্রী-সন্তানদের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে আগুন নেভায়। এ সময় কামালের মেয়ে আয়েশা আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হয় তার স্ত্রী সুমাইয়া ও ছেলে আব্দুর রহমান।
বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, কামাল ঘরে স্ত্রী-সন্তানকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে আগুনে দগ্ধ হয়। এরমধ্যে তার মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। দগ্ধ অবস্থায় স্ত্রী ও ছেলেটিকে প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটিও মারা গেছে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কামাল থানা হেফাজতে রয়েছে। মামলার পরে তাকে আদালতে পাঠানো হবে।
