মোদির প্রশ্ন: ভারতীয়দের বিয়ের অনুষ্ঠান বিদেশেই কেন?

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

জাঁকজমক বিয়ের আয়োজনে ভারতীয়রা বিশ্বে বেশ এগিয়ে। মাঝে মাঝে আয়োজন প্রয়োজনকেও ছাড়িয়ে যাচ্ছে। বলিউড তারকা, ক্রিকেটার, ধনকুবেররা এখন বিয়ের মতো বিশাল আয়োজন করছেন ভারতের বাইরে গিয়ে। এই ধারাকে বলা হচ্ছে ‘ডেস্টিনেশন ওয়েডিং’। নতুন যুগল, তাদের পরিবার, আত্মীয় সবাইকে নিয়ে বিদেশে বিয়ের অনুষ্ঠান করা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত রবিবার এক অনুষ্ঠানে মোদি বলেন, ‘এখন বিয়ের মৌসুম চলছে। কিছু ব্যবসায়ী সংগঠনের অনুমান, এই মৌসুমে প্রায় ৫ লাখ কোটি টাকা পর্যন্ত ব্যবসা হতে পারে। তাই বিয়ের কেনাকাটার সময়ে সকলের শুধুমাত্র ভারতে তৈরি পণ্যগুলিতে গুরুত্ব দেওয়া উচিত।‘  

একইসঙ্গে ভারতবাসীদের কাছে মোদি প্রশ্ন রাখেন, ‘আজকাল কিছু পরিবার একটি নতুন পরিবেশে বিয়ে করার জন্য বিদেশে গিয়ে অনুষ্ঠান করছে। এটা কি আদৌ প্রয়োজন?’ এই বিষয়টি তাকে কষ্ট দিচ্ছে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী। তার মতে, যদি সবাই দেশের মাটিতে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করেন তাহলে স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবে এবং দেশের টাকা দেশে থাকবে। জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান দেশের মাটিতে হলে দেশের কিছু মানুষের সেবা করা যাবে।

প্রসঙ্গত, বিশ্ব অর্থনীতিতে ভারতকে উপরের সারিতে নিয়ে আসতে চায় মোদি সরকার। কেন্দ্র সরকার দেশীয় পণ্য-সেবার প্রসারে ‘ভোকাল ফর লোকাল’ স্লোগান তুলছে। অর্থাৎ দেশীয় পণ্য-সেবার প্রতি ভারতীয়রা জোর আওয়াজ তুলুক এটাই চাইছে সরকার।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত