আ.লীগের সঙ্গে আমাদের পারিবারিক সম্পৃক্ততা আগে থেকেই: সাকিবের বাবা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

মাগুরায় দলীয় বর্ধিত সভায় আওয়ামী লীগের সাথে আমাদের পারিবারিক সম্পৃক্ততা আছে বলে জানিয়েছেন মাগুরা-১ আসনের দলীয় মনোনয়ন পাওয়া ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের জামরুল তলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে এ দলীয় বর্ধিত সভায় তিনি একথা বলেন।

সভায় সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, আমরা পারিবারিকভাবে অনেক আগে থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করেছিলাম। এবার আমার ছেলে সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসনে নির্বাচন করছে। আমি জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের কাছে তার পক্ষে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সাকিবের পাশে থাকবেন। তার জন্য দোয়া করবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসের বাবলু, সহ-সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক এমপি কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল এবং সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল চ্যার্টাজি বলেন, আগামী নির্বাচন জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নৌকা প্রতীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।

তিনি আরও বলেন, সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনকে একটি সাজানো বাগান তৈরি করেছেন। বাংলাদেশের বহু জেলায় গিয়েছি মাগুরা-১ আসন সবার থেকে ব্যতিক্রম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-১ ও মাগুরা-২ আসনটিতে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাকিবের বাবাকে উদ্দেশ করে বলেন, জাতীয় নির্বাচন কোন পারিবারিক ব্যাপার নয়। দল তাকে মনোনয়ন দিয়েছে সে এখন দলীয় প্রার্থী। দলই তার নির্বাচন করবে।                      

×
সর্বশেষ সর্বাধিক পঠিত