আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ছাত্রলীগের এক কর্মীকে’ কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিঠানলা ইউনিয়নের রাজাপুর নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম জিয়াউল হাসান (২০)। তিনি মিঠানলা ইউনিয়নের হাদিমুছা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। জিয়াউল হাসান অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে আর বিদ্যালয়ে যাননি। কোনো পদে না থাকলেও তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় স্থানীয় দারোগারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন জিয়াউল। বাড়ির পাশের নতুন রাস্তা এলাকায় এলে স্থানীয় অন্য ছাত্রলীগ কর্মীদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও বুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিয়াউল হাসানের বাবা মো. আলমগীর বলেন, ‘ভিসা জোগাড় করে ওকে বিদেশ পাঠিয়ে দিতে চেয়েছিলাম। সেই সময়টা আর পেলাম না। আমার ছেলেটাকে ওরা শেষ করে দিল।’
মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুরতহাল শেষে জিয়াউলের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’
