কর্মীদের চাঁদায় মনোনয়ন কিনে জমা দিলেন প্রার্থী

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মতবিনিময়সভায় মিলিত হন সিংড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। এসময় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার দাবি তোলেন তার কর্মী-সমর্থক ও ভোটাররা। তিনি নির্বাচনে অনীহা প্রকাশ করলে কর্মীরা একশ, দুশ, পাঁচশ টাকা করে ৭২ হাজার টাকা সংগ্রহ করে মনোনয়ন ফরম কেনেন।

মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় সিংড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাহমুদা খাতুনের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, পৌর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক খ ম মশিউর রহমান, সাবেক উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। দলীয় মনোনয়ন না পেয়ে বুধবার (২৯ নভেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শফিকুল ইসলাম।

প্রসঙ্গত, শফিকুল ইসলাম সিংড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ১৯৯৬ সালে সিংড়া সরকারি গোল-ই আফরোজ কলেজ ছাত্রলীগের সভাপতি ও ১৯৯৮ সালে একই কলেজের ভিপি নির্বাচিত হন তিনি। ২০০৯ সালে সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর টানা দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন শফিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত