সাংবাদিকদের লাঞ্ছিত: আ. লীগ প্রার্থী মোস্তাফিজুরকে শোকজ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জানা গেছে এ তথ্য।

এর আগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর। তখন সাংবাদিকদের সঙ্গে মোস্তাফিজুরের সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাফিজুরকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

জানা গেছে, মোস্তাফিজুর রহমান একশ সমর্থক নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। এত সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না—জানতে চাইলে মোস্তাফিজুর ও তার সমর্থকেরা সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে মোস্তাফিজ ও তার সমর্থকেরা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গত মে মাসে মোস্তাফিজুর রহমানের পিস্তল হাতে মিছিলে নেতৃত্ব দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই সময় এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত