বরিশালের ছয়টি আসনে ৫৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:৫৭ পিএম

দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশালের ছয়টি আসন থেকে ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের দপ্তরে এই মনোনয়নপত্রগুলো দাখিল হয়। রাতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। 

তিনি জানান, বরিশাল-১ আসনে ৪টি, বরিশাল-২ আসনে ১২টি, বরিশাল-৩ আসনে ৯টি, বরিশাল-৪ আসনে ৫টি, বরিশাল-৫ আসনে ৮টি ও বরিশাল-৬ আসনে ১৬টি মনোনয়নপত্র জমা পরেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-৫ আসন থেকে সদ্য সাবেক সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়া বরিশাল-৫ এবং বরিশাল-২ আসন থেকে জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বরিশাল-২ এবং বরিশাল-৩ আসন থেকে বাংলাদেশ ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, বরিশাল-২ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী শাজাহান সিরাজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে মনোনয়ন জমা দেন জাতীয় পার্টির প্রার্থী তাপস। এ সময় অধ্যাপক মহসীন উল ইসলাম হাবুল উপস্থিত ছিলেন। 

এরপর বরিশাল-২ ও বরিশাল-৩ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেননের পক্ষে বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নিলু ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ টিপু সুলতান মনোনয়নপত্র জমা দেন। এদিকে বরিশাল-২ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী শাজাহান সিরাজ মনোনয়নপত্র জমা দেন।

অপরদিকে বেলা ১২টার দিকে বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পক্ষে নেতৃবৃন্দ মনোনয়ন জমা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হাসান লিটু, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব উদ্দিন বীর বিক্রম, আওয়ামী লীগ নেতা এস.এম. জাকির হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত