চট্টগ্রামের মিরসরাইয়ে জিয়াউল হাসান জুয়েল (২২) নামে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকায় নতুন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। জুয়েল মিঠানালা ইউনিয়নের হাদিমুছা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
নিহতের বাবা আলমগীর হোসেন জানান, তার ছেলে বুধবার রাত ১১টার দিকে স্থানীয় বামুন সুন্দর দারোগার হাট থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় ইউনুস, রিয়াজ ও ফারুক তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। জুয়েল স্থানীয় ছাত্রলীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং এলাকায় ইট-বালুর ব্যবসা করত। তবে ছাত্রলীগের কোনো পদে ছিল না।
