যশোরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর একজন প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে।
অভিযুক্ত এএসআই রহমতের বিরুদ্ধে আজ শুক্রবার (১ ডিসেম্বর) এ ব্যবস্থা নেওয়া হয়।
যশোর কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, যশোর-৪ আসনের বিএনএম মনোনীত প্রার্থী সুকৃতি মন্ডল গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র দেন। পরে তিনি রিটার্নিং অফিসারের অফিস বেরিয়ে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দায়িত্ব পালনরত কোতয়ালি থানা পুলিশের এএসআই রহমতকে খাবারের জন্য টাকা দেন।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ সুপারের নজরে আসে। এর প্রেক্ষিতে শুক্রবার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এএসআই রহমতকে পুলিশ লাইন্সে ক্লোজের আদেশ দিয়েছেন।
