মেসির নামে স্লোগান শুনে রোনালদোর উড়ন্ত চুমু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। দলের হারের দিনে তাকে শুনতে হয়েছে মেসির নামে স্লোগান! শুক্রবার রাতে আল হিলাল ৩-০ গোলে হারিয়েছে আল নাসরকে।

নেইমার জুনিয়রবিহীন আল হিলালের হয়ে জোড়া গোল করেছেন আলেকজান্দার মিত্রোভিচ। ৮৯ ও ম্যাচের যোগ করা সময়ে করেন গোল। তার আগে ৬৪ মিনিটে গোলের খাতা খোলেন মিলানকোভিচ-সাভিচ।

ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। প্রথমার্ধের বিরতিতে ‘মেসি-মেসি' স্লোগান শুনতে হয়েছে রোনালদোকে। অতীতে মেসির নামে স্লোগান শুনলে মেজাজ হারাতে দেখা গেছে সিআরসেভেনকে। তবে এবার আর তিনি মেজাজ হারাননি!

বিরতিতে রোনালদো মাঠ ছাড়ার সময় তাকে উদ্দেশ্য করে গ্যালারিতে ‘মেসি মেসি' স্লোগান ধরেন আল হিলাল সমর্থকরা। জবাবে রোনালদো মুচকি হাসির সঙ্গে উড়ন্ত চুমু উপহার দিয়ে মাঠ ছাড়েন।

এর আগে একবার সৌদিতে মেসি মেসি স্লোগানে মেজাজ হারিয়েছিলেন রোনালদো। এবার অবশ্য তেমন কিছু করেননি।

এই মৌসুমে লিগে ১৪ ম্যাচে ১৫ গোল করে রোনালদো আছেন শীর্ষে।

এই হারে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়ল আল-নাসর। সমান ম্যাচে দুইয়ে থাকা দলটির পয়েন্ট ৩৪।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত