ভারতে 'পানি-যুদ্ধ' চরমে, তেলেঙ্গানার বাঁধ অন্ধ্র পুলিশের দখলে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

বৃহস্পতিবার, রাত ২টা বাজে, দক্ষিণ ভারতের তেলেঙ্গানার সরকারি অফিসাররা সবাই বিধানভা নির্বাচন আয়োজনে ব্যস্ত। আর কয়েক ঘণ্টা পরেই নির্বাচন। এই সুযোগে রাজ্যের নাগার্জুনা বাঁধ দখল করে নিল প্রতিবেশীরাজ্য অন্ধ্রপ্রদেশের পুলিশ। ৭০০ পুলিশের বিশাল বহর বাঁধটি দখল করেই পানির গেট খুলে দিল, এতে প্রতিঘণ্টায় ৫০০ কিউসেক পানি গেল বেরিয়ে! দক্ষিণ ভারতের দুই রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে পানি বণ্টন নিয়ে বিরোধ পৌঁছে গেল চরমে।   

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পানি ছেড়ে দেওয়ার বিষয়ে এক ঘোষণায় অন্ধ্রপ্রদেশের সেচ মন্ত্রী আমবতি রামবাবু সামাজিক মাধ্যম এক্সে ঘোষণা দেন, ‘খাবার পানি নিশ্চিত করতে আমরা নাগার্জুনা সাগরের পানি কৃষ্ণা নদীতে ছেড়ে দিয়েছি।’    

এরপর অবশ্য রামবাবু করে দাবি করেন, দুই প্রদেশের চুক্তির ভিত্তিতে তাদের রাজ্যে প্রাপ্য পানিটুকু তারা নিয়েছেন। অন্ধ্রপ্রদেশের কংগ্রেস দলীয় এই মন্ত্রী বলেন, ‘কৃষ্ণার পানির ৬৬ শতাংশ অন্ধ্র প্রদেশের ও ৩৪ শতাংশ তেলেঙ্গানার প্রাপ্য। আমরা এক ফোঁটা পানিও নিইনি যা আমাদের প্রাপ্য নয়।’

এর প্রতিক্রিয়ায় তেলেঙ্গানার মুখ্যসচিব শান্তি কুমারী বলেন, ‘বাঁধের সিসিটিভি ভেঙে, জোর করে ৫ ও ৭ নম্বর লকগেট খুলে খালে পানি ঢুকিয়েছে অন্ধ্র পুলিশ। বেআইনিভাবে প্রায় ৫ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। ঘটনার জেরে নলগোন্ডা, মেহবুবনগর, নগরকুর্নুলের মতো দক্ষিণ তেলঙ্গানার জেলাগুলোতে উত্তেজনা তৈরি হয়েছে।’

দুই প্রতিবেশী রাজ্যের পানি-যুদ্ধে এরই মধ্যে জড়িয়ে গেছে ভারতের বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্র সরকার। কৃষ্ণা নদী পরিচালনা পর্ষদের অভিযোগের জেরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে ২৮ নভেম্বরের আগেকার ‘স্থিতাবস্থা’য় ফিরে যেতে নির্দেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারকে। বাঁধের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও উঠেছে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত