অনলাইন ক্রিকেট কোচিং প্ল্যাটফরম ‘বাংলা ক্রিকেট ক্লাস প্রো’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:২৮ এএম

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি জিজ্ঞেস করলে অবধারিত উত্তর আসবে ‘ক্রিকেট’। দেশের প্রতিটি কোনায় ক্রিকেট উন্মাদনা পৌঁছে গেলেও প্রান্তে অনেক তরুণের ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরা রয়ে যাচ্ছে ভালো ক্রিকেট অ্যাকাডেমি না থাকার কারণে। তেমনই এক তরুণ মিনহাজ। তবে তিনি ব্যতিক্রমী। নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে কাজ করছেন অন্যদের স্বপ্নপূরণের জন্য। প্রান্তের খেলোয়াড়দের প্রশিক্ষণের সহায়তার জন্য প্রতিষ্ঠা করেছেন অনলাইন ক্রিকেট কোচিং প্ল্যাটফরম ‘বাংলা ক্রিকেট ক্লাস প্রো’। লিখেছেন জেলি খাতুন মানুষের চিন্তা আর কাজ মানুষকে ব্যতিক্রমী করে তোলে। ছোটবেলা থেকেই মিনহাজের ইচ্ছা ছিল বড় ক্রিকেটার হওয়ার। জাতীয় দলে খেলে লাল-সবুজের পতাকাকে প্রতিনিধিত্ব করার। বেশ কয়েকবার নির্বাচক কমিটির সামনে দাঁড়িয়ে বুঝতে পারলেন ছোটবেলা থেকে সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ ছাড়া জাতীয় দলের সদস্য হওয়ার স্বপ্ন রয়ে যাবে অধরা। স্বপ্ন ভাঙার বেদনা যেন আর কাউকে সইতে না হয় তাই লক্ষ্য বদলে ফেললেন তিনি। এখন স্বপ্ন ভালো ক্রিকেটার হওয়া নয়, ভালো প্রশিক্ষক হয়ে ভালো ক্রিকেটার তৈরি করে দেশের সেবা করা। শুরুটা ২০১৮-তে এক ক্রিকেট ট্রায়াল দিতে গিয়ে। সেখানে দেখেন, মোবাইলে একজন বিদেশি কোচ ক্রিকেট খেলা শেখাচ্ছেন। তখন থেকেই খুঁজতে শুরু করেন ইউটিউবে বাংলা ভাষায় কোনো চ্যানেল আছে কি না। কিন্তু না, খুঁজে পাননি। তখন চিন্তা করেন এমন একটি প্ল্যাটফরম শুরু করবেন বাংলায়, যেন বাংলাভাষী তরুণ যে কোনো প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। এভাবেই শুরু হয় অনলাইন ক্রিকেট কোচিং প্ল্যাটফরম ‘বাংলা ক্রিকেট ক্লাস প্রো’। এই প্ল্যাটফরমের মাধ্যম অনলাইন ক্রিকেট কোচিংয়ের পথপ্রদর্শক গাজীপুরের টঙ্গী থানার বড় দেওড়া গ্রামের মিনহাজ নিজে শিখছেন এবং অন্যদের শেখাচ্ছেন।

প্রথমে একা শুরু করলেও পরে বন্ধু জাহিদ, শাওনকে নিয়ে একটা টিম বানিয়ে শুরু করেন ইউটিউব যাত্রা। প্রথম ভিডিও থেকেই দারুণ সাড়া পেয়েছেন সাধারণ মানুষের এবং যাদের জন্য ভিডিওগুলো সেই তরুণ খেলোয়াড়দের। মানুষের ভালোবাসা আর সাপোর্টের ফলে পেছনে ফিরে তাকাতে হয়নি। খেলোয়াড়দের অনুরোধে ক্রিকেটের বিভিন্ন বিষয়ে তৈরি করে চলেছেন একের পর এক ভিডিও। এখন মিনহাজের বাংলা ক্রিকেট ক্লাস প্রোর ভিডিও শুধু বাংলাদেশের দর্শকরা দেখছে না, দেখছে দেশের ক্রিকেট শিক্ষার্থীরাও। আগে আমাদের দেশের ক্রিকেট শিক্ষার্থীরা দেখতেন অন্য দেশের অন্য ভাষার ভিডিও। মিনহাজের বাংলা ক্রিকেট ক্লাস প্রোর ভিডিও এমন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে যেখানে এখন পর্যন্ত কোনো অ্যাকাডেমিও পৌঁছতে পারেনি। নিবন্ধিত প্রশিক্ষণার্থীরা তো বটেই, সবার জন্য উন্মুক্ত ক্লাসও রয়েছে বাংলা ক্রিকেট ক্লাস প্রোর। প্রতি শুক্রবার রাতে একটি ফ্রি অনলাইন ক্লাস হয় যেখানে দেশ-বিদেশের বাংলাভাষী খেলোয়াড়রা যুক্ত হন এবং নিজেদের সমস্যা তুলে ধরেন। বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাপ্ত সমাধান পরে জানিয়ে দেওয়া হয় ভিডিওর মাধ্যমে বা ভিডিওর কমেন্টে।

ক্রিকেটের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগ নিয়ে মিনহাজ তৈরি করেছেন একাধিক ভিডিও। ভিডিও তৈরি চলছেই।

ব্যাটিং বিষয়ের ভিডিওতে তুলে ধরছেন একজন নবীন ব্যাটারের একদম প্রাথমিক বিষয়গুলো। একজন নতুন ব্যাটার কীভাবে ব্যাট ধরবে, ব্যাটিং করার সময় কীভাবে দাঁড়াবে, ব্যাটিং করার সময় তার কোন দিকগুলো মাথায় রাখবে, কীভাবে ডিফেন্স শট খেলবে, কীভাবে কাভার ড্রাইভ শট খেলবে, কীভাবে পুল শট খেলবে, একজন ব্যাটসম্যান কীভাবে বাউন্সার বলগুলো খেলবে সব বিষয়েই আছে মিনহাজের ভিডিও।

ক্রিকেটে বোলার তিন ধরনের বল করতে পারেন। ফাস্ট বোলিং, অফ স্পেন বোলিং আর লেগ স্পেন বোলিং। বাংলা ক্রিকেট ক্লাস প্রোর ভিডিও আছে সব ধরনের বোলারের জন্য। ফাস্ট বোলাররা কীভাবে ফাস্ট বোলিংয়ের জন্য বলের গ্রিপটি ধরবে, কতটুকু রানআপ নিয়ে বল করবে, কীভাবে রানআপ ঠিক করবে, কীভাবে বলটা রিলিজ করবে, কীভাবে বলের লাইন ল্যান্ড লেন্থ ঠিক করবে, কীভাবে বলের বলের গতি বাড়াবে, কীভাবে ইন সুইং বা আউট সুইং বল করবে সব বিষয়ে পরামর্শ পাওয়া যাবে এই ভিডিওগুলোতে।

একইভাবে অফ স্পিন বোলার ও লেগ স্পিন বোলারের জন্যও রয়েছে প্রয়োজনীয় বিষয়ে ভিডিও, পরামর্শ দিচ্ছেন লেগ স্পিন বলার করার জন্য আঙুলের কী ধরনের কাজ থাকে, গুগলি কীভাবে করা যায়, একজন ভালো লেগ স্পিন বোলার হয়ে ওঠার জন্য কী কী ড্রিলস করা দরকার। মাঠে যেভাবে শেখানো হয় ঠিক সেভাবে ছড়িয়ে দিচ্ছেন ভিডিওর মাধ্যমে এই পরামর্শগুলো।

বাদ যায়নি ফিল্ডিং বিষয়টি। একজন ভালো ফিল্ডার হওয়ার জন্য খেলোয়াড়দের কী কী অনুশীলন করতে হয়, বাউন্ডারি লাইন থেকে কীভাবে ফিল্ডিং করতে হয়, কীভাবে একজন ভালো উইকেটকিপার হওয়া, ফিল্ডিংয়ের জন্য প্রতিদিন কী কী প্র্যাকটিস করা উচিত তা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন মিনহাজ। এই কাজে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন বিসিবির লেভেল ওয়ান ক্রিকেট কোচ আরাফাত হোসেন।

শুধু তাই নয়, পুষ্টিবিদ ও ফিজিওদের সঙ্গে পরামর্শ করে ভিডিও তৈরি করেছেন একজন খেলোয়াড়ের প্রতিদিন কী কী ব্যায়াম করা দরকার এবং প্রতিদিন কী কী খাবার খাওয়া দরকার সে বিষয়েও।

মিনহাজ কাজগুলো অগোচরে থাকেনি। সম্প্রতি একটি বিজ্ঞাপন বার্তায় তার কাজের স্বীকৃতিও দিয়েছে একটি বেসরকারি টেলিযোগাযোগ মাধ্যম। বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও প্রশংসা করেছেন মিনহাজের এই উদ্যোগকে।

মিনহাজ আন্তর্জাতিকমানে ক্রিকেট কোচ হতে চান। এ বিষয়ে নিতে চান প্রয়োজনীয় প্রশিক্ষণ। অন্যদের স্বপ্নপূরণের জন্য বদলে ফেলেছেন তিনি নিজের স্বপ্ন। দেশে অগণিত অলরাউন্ডার তৈরির স্বপ্নে বিভোর এই তরুণ স্বপ্নবাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত