দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে ডা. মুরাদ হাসান এমপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
আজ সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসার মো.শফিউর রহমান এই ঘোষণা দেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ডা. মুরাদ হাসান এমপিসহ সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
তবে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী তারিক মাহাদীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।
জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান জানান, জামালপুর-৪ আসনে দুজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের মনোনয়ন পৃথক দুটি কারণে বাতিল ঘোষণা করা হয়। বাকি সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও তারেক কন্যা নিয়ে বির্তকিত কথা বলাসহ বিভিন্ন বির্তকিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসেন ডা. মুরাদ হাসান এমপি। তারপর থেকে বেফাঁস কথাবার্তা ও নারী কেলেঙ্কারির কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। প্রতিমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হয় ডা. মুরাদ হাসান এমপিকে।
