মনোনয়নপত্র বাতিল হয়নি, ফেরদৌস বললেন ‘আল্লাহর রহমত’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম

মনোনয়নপত্র বৈধ হওয়াকে আল্লাহর অশেষ রহমত বলে উল্লেখ করেছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক‌ ফেরদৌস আহমেদ।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ফেরদৌসের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফেরদৌস বলেন, আজকের দিনটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। মনোনয়নপত্র দাখিলের পর থেকে টেনশনে ছিলাম কোথাও ভুল-ভ্রান্তি করেছি কিনা, আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় কিনা। আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে।

নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ কররেন বলেও জানান ফেরদৌস। এ সময় সবাইকে ভোটকেন্দ্রে এসে‌‌ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

ফেরদৌস বলেন, আমি সবার কাছে অনুরোধ জানাব আপনারা ভোটকেন্দ্রে আসুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। ঢাকা-১০ আসনে যে কয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে বলেও উল্লেখ করেন তিনি।

রিটার্নিং অফিসার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা-১০ আসনে জমা দিয়েছেন ১১জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ তিনজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাতিল করা হয়েছে আটজনের মনোনয়নপত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত