ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যরিস্টার এম শাহজাহান ওমরের সমাবেশে বন্দুক হাতে উপস্থিত হয়েছেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আ. জলিল মিয়াজী।
সোমবার দুপুরে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমরের কাঠালিয়ায় আগমন উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। সেই সমাবেশে বন্দুক হাতেই জলিল মিয়াজী উপস্থিত হন।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকার মনোনয়ন পাওয়ার পর আজই প্রথম কাঠালিয়াতে উপজেলা পরিষদ চত্বরে বেলা ১২টার দিকে গণসংযোগ করেন ও সমাবেশে যোগ দেন ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। এর আগে, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার সাথে যোগাযোগ করে সমাবেশে উপস্থিত হয়ে শাহজাহান ওমরকে নৌকা প্রতীকে সমর্থন জানান। এসময় সমাবেশে বিএনপির কয়েকশ নেতাকর্মীর সাথে বিএনপির উপজেলা সভাপতি আ. জলিল মিয়াজী তার লাইসেন্সকৃত দোনালা বন্দুক নিয়ে সমাবেশে উপস্থিত হয়ে শাহজাহান ওমরের বাম পাশের চেয়ারে বসেন।
সমাবেশে শাহজাহান ওমর বলেন, কাঠালিয়ায়ায় কোনো গ্রুপিং বা দলাদলি থাকবে না। এখানে শুধু থাকবে শেখ হাসিনা গ্রুপ। তিনি বলেন, আপনারা কেউ দলাদলি করে সংঘাত বাড়াবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ঝালকাঠির এ আসন তাকে উপহার দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। এসময় তিনি কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজী ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদারকে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন। সভায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান।
সভায় কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বসার বাদশা ও শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন উপস্থিত ছিলেন।
