শাহজাহান ওমরের সভায় অস্ত্র হাতে বিএনপি নেতা

সন্ধ্যায় বহিষ্কার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ এএম

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরের (বীর-উত্তম) সভায় এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র নিয়ে অংশ নিয়েছেন।

গতকাল সোমবার দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদের সামনে এক পথসভা হয়। সেখানে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল জলিল মিয়াজীকে অস্ত্র হাতে দেখা যায়। তবে তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল সন্ধ্যায় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আব্দুল জলিল মিয়াজীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বলেন, ‘কাঠালিয়ায় কোনো গ্রুপিং বা দলাদলি থাকবে না। এখানে শুধু থাকবে শেখ হাসিনা গ্রুপ। আপনারা কেউ দলাদলি করে সংঘাত বাড়াবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ঝালকাঠির এ আসন তাকে উপহার দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন ।’

এর আগে তিনি উপজেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সভাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল জলিল মিয়াজী ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদারকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তিনি আরও বলেন, ‘আমি ও স্থানীয় বিএনপির সবাই আপনাদের মেহমান, আপনারা আমাদের বরণ করে নিন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত