স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকা মহানগরসহ দেশের কোথাও ‘থার্টি ফার্স্ট নাইটে’ (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সে জন্যই এই বিধিনিষেধ দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা অনুষ্ঠান (থার্টি ফার্স্ট নাইট) করবেন, তারা ঘরের ভেতর করবেন। বাইরে কাউকে আলাদাভাবে কিছু করতে দেওয়া হবে না। ওই দিন সন্ধ্যার পর থেকে ঢাকা মহানগরীসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট (তল্লাশিচৌকি) থাকবে।
আসাদুজ্জামান খান বলেন, বারগুলো (পানশালা) প্রতিবারই থার্টি ফার্স্ট নাইটে বন্ধ রাখা হয়। এবারও বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জোরে বাঁশি বাজানো, পটকা ফোটানো, আতশবাজি কিংবা ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।