চূড়ান্ত ঝুঁকিতে প্রকৃতির পাঁচ মানদন্ড

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ এএম

অব্যাহত কার্বন দূষণের কারণে পৃথিবীর উষ্ণায়নের আরও বিপজ্জনক মাত্রা মানুষের অস্তিত্বকে ভয়ংকরতম হুমকির দোরগোড়ায় নিয়ে যাচ্ছে। গবেষণাপত্রের বরাত দিয়ে বিজ্ঞানীরা এই সতর্কবার্তা দিয়ে বলেন, জলবায়ু বিজ্ঞানের বিদ্যমান মানদ-গুলোর (টিপিং পয়েন্টস) মধ্যে পাঁচটি ইতিমধ্যে ঝুঁকিসীমা অতিক্রমের দ্বারপ্রান্তে এবং উষ্ণায়ন দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা সম্ভব না হলে আরও তিনটি মানদ- ২০৩০ সাল নাগাদ ঝুঁকিসীমা ছুঁয়ে ফেলবে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৮ চলাকালে যুক্তরাজ্যভিত্তিক ইউনিভার্সিটি অব এক্সেটারের ‘গ্লোবাল সিস্টেমস ইনস্টিটিউটের’ অধ্যাপক টিম লেন্টনের নেতৃত্বে ‘গ্লোবাল টিপিং পয়েন্টস’ শীর্ষক গবেষণাপত্রে সতর্কবার্তাগুলো উঠে আসে। এতে ২৬ দেশের ৯০টিরও বেশি সংস্থার দুই শতাধিক গবেষক অবদান রাখেন। এতে বলা হয়, পৃথিবীর এসব পরিবর্তন তাপমাত্রাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে না এখনই, তবে মানুষ ও প্রকৃতির এমন ক্ষতি করবে, যা কখনো পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না।

জলবায়ু পরিবর্তনজনিত পরিবর্তনকে বুঝতে জলবায়ু বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডের বরফ, অ্যান্টার্কটিকের বরফ, আমাজন রেইনফরেস্টসহ প্রকৃতিতে বিদ্যমান বিভিন্ন উপাদান ধ্বংসের চিত্রকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে তুলনা করে একটি তুলনামূলক পর্যালোচনা তৈরি করেন। প্রকৃতি ধ্বংসের ওইসব চিত্রকেই টিপিং পয়েন্ট তথা মানদন্ড হিসেবে ধরা হয়। লেন্টনের গবেষণায় এই টিপিং পয়েন্টসের ওপর আলোকপাত করা হয়। এ নিয়ে তিনি বলেন, ‘পৃথিবী ব্যবস্থাপনার অন্তর্গত মানদন্ডগুলো যে ব্যাপকতর ঝুঁকি তৈরি করছে, তার মুখোমুখি হয়নি কখনো মানুষ। এই পরিস্থিতি ডমিনো ইফেক্ট তথা চক্রাকার প্রভাব তৈরির দিকে ঠেলে দেবে, যা পুরো বাস্তুসংস্থান বিনাশের পাশাপাশি প্রধান প্রধান শস্য উৎপাদনের ঝুঁকি সৃষ্টি করবে। সেই সঙ্গে গণহারে বাস্তুচ্যুতি, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতি ধ্বংসের মতো সামাজিক সংকট তৈরি করবে।’

গবেষণায় যেসব মানদন্ড ধ্বংসের ঝুঁকিতে রয়েছে সেগুলো হলো গ্রিনল্যান্ড বরফস্তর ধ্বংস, পশ্চিম অ্যান্টার্কটিকার বরফস্তরে বিনাশ, ভূগর্ভস্থ চির হিমায়িত বরফের ক্ষতি, উষ্ণ পানিতে প্রবাল প্রাচীরের মৃত্যু এবং উত্তর আটলান্টিকের অন্যতম একটি বায়ুমন্ডলীয় স্রোত ধ্বংস হওয়া।

বিজ্ঞানীরা আরও সতর্ক করেন, ঝুঁকির তালিকায় আরও তিনটি মানদ- যুক্ত হতে পারে। যেমন ম্যানগ্রোভ বন তৈগা বনাঞ্চল এবং সামুদ্রিক ঘাসের তৃণভূমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত