ইইউর ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে তৃণমূল বিএনপির বৈঠক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ এএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট টিমের দুই সদস্যের সঙ্গে বৈঠক করেছে তৃণমূল বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশানের একটি হোটেলে এ বৈঠক শেষে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে। অতীতের দুটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আগামী নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী হবে তা নিয়ে কথা হয়েছে। নির্বাচনে সহিংসতা হয় কি না তা দেখবেন তারা।’

আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তৃণমূল বিএনপির প্রতি জনগণের সাড়া লক্ষণীয়। এজন্য ইলেকশন এক্সপার্ট টিম প্রশংসা করেছে। এবার দুই দলের জিম্মিদশা থেকে বিকল্প হিসেবে তৃণমূল বিএনপিকে বেছে নেবে জনগণ।’

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের দুই সদস্যের মধ্যে ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইলেকটোরাল অ্যানালিস্ট আলেকজেন্ডার মেটাস। বৈঠকে আরও অংশ নেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার, এক্সিকিউটিভ চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত