স্বাস্থ্যমন্ত্রী বললেন

দেশে বছরে মারা যাচ্ছে ৪৫০০ মা ও ৬৫০০০ শিশু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ এএম

দেশে এখনো বছরে সাড়ে ৪ হাজার মা মাতৃত্বকালীন সময়ে এবং প্রসব পরবর্তী সময়ে নানা জটিলতার কারণে ৬৫ হাজার শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সে হিসেবে দিনে মারা যাচ্ছে ১৭৮ শিশু ও ১২ জন মা। তবে মা ও শিশু মৃত্যুর হার বিগত বিএনপি-জামায়াত সরকারের তুলনায় এখন অর্ধেকের বেশি কমেছে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডের বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ৯-১৪ ডিসেম্বর পর্যন্ত এই সপ্তাহ পালন করবে।

তিনি বলেন, দেশে এখন সিজার করে বাচ্চা নেওয়ার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিনা কারণেই অনেক মায়েরাও সিজার করে বাচ্চা নিতে আগ্রহী থাকেন। এটি কাম্য নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা প্রমুখ। সভায় জুম অনলাইনে দেশের ৮০টি উপজেলা হাসপাতালের স্বাস্থ্য প্রতিনিধি িযুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত