ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে করসংক্রান্ত আরও এক মামলা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে। এর আগে আগ্নেয়াস্ত্র সংগ্রহের জন্য মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগে ডেলওয়ারের ফেডারেল আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। গত বৃহস্পতিবার নতুন মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত হান্টার প্রায় ১৪ লাখ ডলার কর এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করেন।
নতুন মামলায় মোট নয়টি অভিযোগে অভিযুক্ত হয়েছেন ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন। অভিযুক্তকরণের জন্য ৫৬ পাতার নথি পেশ করা হয়। এতে তিনটি অপরাধ ও ছয়টি অপকর্মের কথা বলা হয়েছে। এ ছাড়া করের নথি পেশ করতে ব্যর্থতা, কর প্রদান না করা, মিথ্যা কর রিটার্ন দাখিল ও সম্পদ মূল্যায়ন প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার মতো দুষ্কর্মের অভিযোগ রয়েছে। সামগ্রিকভাবে দোষী সাব্যস্ত হলে তার ১৭ বছরের কারাদ- হতে পারে। অবশ্য হান্টারের আইনজীবী দাবি করেছেন, পুরো মামলাটি হয়েছে রাজনৈতিক উদ্দেশে।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টি জোরোশোরেই এসব ঘটনাকে ব্যবহার করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্পের মামলা নিয়ে যেমন রিপাবলিকান শিবির বিপাকে, আবার হান্টার বাইডেনের মামলা নিয়ে অস্বস্তিতে ডেমোক্রেটরাও।
