ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, ‘যারা ঢাকা-আরিচা সড়কে চলাচল করেন তারা সেলফি পরিবহনের আতঙ্ক নিয়ে চলেন। গতকাল (বৃহস্পতিবার) জাবি শিক্ষার্থী রুবেলকে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এটার বিচার করতে হবে। এই বিচার না হওয়া পর্যন্ত মহাসড়কে সেলফি পরিবহন চলতে দেওয়া হবে না। সেলফি পরিবহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না, আমরা সন্দিহান। রুবেলের এই পরিকল্পিত হত্যার বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত সেলফি পরিবহন বন্ধ থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের ৩২ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. শাহাবুদ্দিন বলেন, ‘নিরাপদ সড়কের দাবি নিয়ে অনেক দিন ধরে চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। সড়কে বাস চাপা দিয়ে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। এমন মৃত্যু আমরা আর চাই না। রুবেল পারভেজের যে ক্ষতি হয়েছে তা আমরা দিতে পারব না। কিন্তু তার পরিবারের সব ক্ষতিপূরণ সেলফি পরিবহনকে নিতে হবে। সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল করতে হবে।’
