২০২৩ সালে চীনে সফর করার কথা ছিল ইন্টার মায়ামির। কিন্তু ‘অনাকাঙ্ক্ষিত কারণে’ সেটা বাতিল হয়ে যায়। ফের এশিয়ার দেশটিতে আসছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। যা হবে প্রাক মৌসুমে লিওনেল মেসির ইন্টার মায়ামির নিজেদের ইতিহাসে প্রথম আন্তজার্তিক সফর।
গত মৌসুমের সাফল্য-ব্যর্থতাকে পেছনে ফেলে মেসিদের চোখ এখন নতুন মৌসুমের দিকে। ২০২৪ সালে পূর্ণাঙ্গ মৌসুম খেলবেন মেসি। যেখানে বড় কিছুর লক্ষ্য ছুটবে তার দল। মৌসুম সামনে রেখে এল সালভাদরের বিপক্ষে প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ম্যাচ খেলবে ক্লাবটি। আগামী ১৯ জানুয়ারি সান সালভাদরের এস্তাদিও কাসকাতলানে মুখোমুখি হবে দল দুটি।
এরপর আর্জেন্টাইন পরাশক্তি রিভার প্লেটের সঙ্গেও ইন্টার মায়ামির ম্যাচ খেলতে পারে। ইন্টার মায়ামি জানিয়েছে, তারা চীনের প্রথম সারির লিগের খেলোয়াড়দের মধ্য থেকে নির্বাচিত একাদশের (হংকং একাদশ) বিপক্ষে ৪ ফেব্রুয়ারি হংকং স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে। এক বিবৃতিতে ইন্টার মায়ামির সহ–মালিক হোর্হে মাস বলেন, ‘আমরা হংকং ভ্রমণ নিয়ে রোমাঞ্চিত। এটা আমাদের প্রথম এশিয়া ভ্রমণ হবে।’
ইন্টার মায়ামির বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে হোর্হে মাস আরও বলেছেন, ‘শুরু থেকেই আমরা ইন্টার মায়ামিকে একটা বৈশ্বিক ক্লাব হিসেবে দাঁড় করাতে চেয়েছি। এটা দারুণ একটি সুযোগ। আমরা আশা করছি হংকং এবং এশিয়াজুড়ে আমাদের সমর্থকেরা এর ফলে উৎসাহিত হবে।’
হংকংয়ে এই ম্যাচ সামনে রেখে ১৫ ডিসেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা। এই সফর ছাড়াও বেশ কিছু প্রীতি ম্যাচের সূচিও ঠিক করেছে ইন্টার মায়ামি।
গত জুনে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে যাত্রা শুরু করেন মেসি। বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আগমন বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের খেলার দুনিয়াকে। মাঠে ও মাঠের বাইরে তার হাত ধরেই সকার হয়ে উঠেছে ফুটবল। এর মধ্যে মায়ামিকে ইতিহাসের প্রথম শিরোপাও জিতিয়েছেন মেসি। নতুন মৌসুমের পুরোটাতেই মেসিকে পাওয়ার কথা তাদের।
