আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা ভøাদিমির পুতিন। এর মধ্য দিয়ে প্রায় ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে চলেছেন তিনি। পঞ্চম মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়ার পথে কোনো বাধাই কার্যত তার সামনে নেই। মাঝে এক মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি।
গত শুক্রবার ভøাদিমির পুতিন বলেন, তিনি আরও একবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৯ সালে বরিস ইয়েলৎসিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন পুতিন। তিনি ইতিমধ্যে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা দীর্ঘস্থায়ী রুশ নেতায় পরিণত হয়েছেন। ইউক্রেন যুদ্ধে অবদান রাখা সেনাদের রাশিয়ার সর্বোচ্চ সামরিক পদকে ভূষিত করার অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ইঙ্গিত দেন। এ সময় তিনি বলেন, ‘আমি গোপন করব না যে, বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা করেছি। কিন্তু এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আমার মনে হয়, অন্য কোনো পথ নেই। আমি প্রেসিডেন্ট পদে লড়ব।’ আগামী বছর মার্চে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
৭১ বছর বয়সী পুতিনের নির্বাচিত হওয়া সময়ের অপেক্ষা মাত্র। সেখানে ভিন্ন কোনো মত নেই, নেতৃত্বও নেই।
