নিশাতের এভারেস্ট জয়ের গল্প শুনলেন শিক্ষার্থীরা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ এএম

‘আমি পারব, আমাকে পারতেই হবে, চেষ্টা করলেই হবে, তোমরা প্রত্যেকে যে যে স্বপ্নটা দেখেছ সেটা আঁকড়ে থাকতে হবে, কখনো হাল ছাড়বে না।’ গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে গতকাল রবিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি নারী নিশাত মজুমদার এসব কথা বলেন।

জীবনে সফল হওয়ার পথে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নিশাত আরও বলেন, ‘জীবনে সফল হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই, সফল হতে হলে কষ্ট করতেই হবে, আমি পারি, আমিই পারব, এই আত্মবিশ্বাস বুকে নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে, আমরা যে কাজটা করছি সেটা সততার সঙ্গে করতে হবে। সততার সঙ্গে চেষ্টা করে গেলেই সাফল্য ধরা দেবে।’

কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক শাহানা আক্তার শিলার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমেই সোসাইটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ, সাংবাদিক ও শিশু সংগঠক সদ্যপ্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা এক মিনিট নীরবতা পালন করা হয়। নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ এস এম ইমরান হোসাইন, একাদশ শ্রেণির কো-অর্ডিনেটর হাসমত উল্লাহ ও অনুষ্ঠান আহ্বায়ক প্রভাষক ইমু হোসেন এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাজিদ ইকবাল এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী জুঁই। এ ছাড়াও বিশেষ অতিথি কলেজের কৃতি শিক্ষার্থী বর্তমানে অফিসার ক্যাডেট হিসেবে কর্মরত শিহাব শাহেদ নবাগত শিক্ষার্থীদের স্নেহাশিস জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত