পার্থ টেস্টের আগে ধীরগতির পিচে প্রস্তুতি ম্যাচ খেলে বিস্মিত হাফিজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম

পাকিস্তানের টিম ডিরেক্টর ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মোহাম্মদ হাফিজ ক্যানবেরায় দলটির প্রস্তুতি ম্যাচের পিচ ও কন্ডিশন নিয়ে সমালোচনা করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন আয়োজনে রীতিমতো ‘আশ্চর্য্য’ ও ‘হতাশ’ হয়েছেন হাফিজ।

ক্যানবেরায় গত বুধবার চার দিনের প্রস্তুতি ম্যাচে প্রাইম মিনিস্টার একাদশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। বৈরি আবহাওয়ার কারণে শেষ দিনের খেলা ভেস্তে যায়। এর আগের দিনগুলোতে উইকেট ছিল ভীষণ মন্থর। ড্র হওয়া ম্যাচে পাকিস্তান ৯ উইকেটে ৩৯১ রান তুলে ইনিংস ঘোষণার পর প্রাইম মিনিস্টার একাদশ ৪ উইকেটে তোলে ৩৬৭ রান।

আগামী বৃহস্পতিবার পার্থে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ওই লড়াই সামনে রেখে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাফিজ। প্রস্তুতি ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি হলেও পিচের ধরন নিয়ে হতাশা গোপন করেননি তিনি, 'অস্ট্রেলিয়ায় সফরকারী দল হিসেবে এটা আমাদের খেলা সবচেয়ে ধীরগতির পিচ। অবশ্যই অবাক ও হতাশ হয়েছি। তবে সত্যি বলতে, দল হিসেবে আমরা বেশিরভাগ বাক্সে টিক চিহ্ন দিতে পেরেছি।'

উইকেটের প্রসঙ্গটি ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) অবহিত করেছেন কিনা জানতে চাইলে পাকিস্তান কোচের জবাব, 'সবাই এটা জানত। এটা বারবার বলার কোনো কারণ দেখি না। আমরা তীব্র হতাশ হয়েছি কারণ এই ধরনের আয়োজন প্রত্যাশা করিনি। এটা হয়তো তাদের কৌশল। আমরা এখানে অস্ট্রেলিয়াকে হারাতে এসেছি, কেবল প্রতিদ্বন্দ্বিতা করতে নয়। সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি। অস্ট্রেলিয়ায় নিজেদের সেরাটা দেওয়ার জন্য ছেলেরাও মুখিয়ে আছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত