শিক্ষার্থীদের ভিসানীতি কঠোর করছে অস্ট্রেলিয়া

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পিএম

আন্তর্জাতিক শিক্ষার্থী ও কম দক্ষ অভিবাসী কর্মীদের জন্য ভিসাবিধি কঠোর করবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে গতকাল সোমবার এ কথা জানানো হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী দুবছরের মধ্যে দেশটির অভিবাসী গ্রহণ অর্ধেকে নেমে আসতে পারে বলে উল্লেখ করেছে রয়টার্স।

রয়টার্স বলছে, নতুন নীতিমালায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষায় উচ্চতর ‘রেটিং’ পেতে হবে। একজন শিক্ষার্থীর দ্বিতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে আরও যাচাই-বাছাই করা হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমাদের কৌশল হবে অভিবাসনসংখ্যাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। তিনি বলেন, এটা শুধু সংখ্যারবিষয় নয়। এটা শুধু এই মুহূর্তের বিষয় নয়। অস্ট্রেলিয়া এখন অভিবাসনের ক্ষেত্রে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, বিষয়টি শুধু তা নয়; এটা অস্ট্রেলিয়ার ভবিষ্যতের বিষয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকারের সংস্কার পরিকল্পনা ইতিমধ্যে দেশটির নেট বিদেশি অভিবাসনের ওপর নিম্নগামী চাপ তৈরি করেছে। অভিবাসীসংখ্যা কমানোর প্রত্যাশিত লক্ষ্যমাত্রায় সরকারের নতুন পদক্ষেপ আরও ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত