৪৯ নয় ৪০ কেজিতে মণ এবং ধানের মণ প্রতি পনেরোশ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কৃষক সমিতি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেন তারা।
বিক্ষোভ মিছিলে লাল পতাকা হাতে উপজেলার অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সদস্য কমরেড নাসির তালুকদার ও সদস্য নয়ানাভিরাম গাইন।
এ সময় বক্তারা বলেন, এখনও এ অঞ্চলে ৪৯ কেজিতে ধানের মণ নির্ধারণ করে আসছে একটি সিন্ডিকেট। তাই ৪৯ কেজির প্রথা বাদ দিয়ে ৪০ কেজিতে ধানের মণ নির্ধারণ এবং কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। পাশাপাশি কৃষি বিমা চালুর দাবি জানান বক্তারা।
