সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করছি না

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আমরা রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করছি না। যাদের গ্রেপ্তার করছি তারা হচ্ছে সন্ত্রাসী।’ দোহা সফর শেষে দেশে ফিরে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মানবাধিকার পরিস্থিতি এবং ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে নাগরিক পরিসর সংকুচিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা বিশ্বের ছয়টি সংগঠন। রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের (আরএফকেএইচআর) ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। সাংবাদিকরা এ বিষয়ে ড. মোমেনের দৃষ্টি আকর্ষণ করেন। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো বিরোধী দলকে হয়রানি করছি না, নির্যাতন করছি না। আমরা যারা সন্ত্রাসী, যারা মানুষের বাড়িঘর জ্বালায়, জনগণের সম্পত্তি; বিশেষ করে, বাস, ট্রেন, ট্রাক জ্বালায়। যারা মানুষকে মারছে তাদের আমরা শাস্তির আওতায় নিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করছি না। আমরা যাদের গ্রেপ্তার করছি তারা হচ্ছে সন্ত্রাসী। তিনি বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা আহ্বান করব, যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, সেটা পরিহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন।’

আরএফকেএইচআরের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে যাদের ব্যাপারে উদ্বেগ জানানো হচ্ছে, সেটা কি বিরোধী দলকে বোঝানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে, তাদের আমি সন্ত্রাসী বলছি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যাদের আমরা ধরেছি তাদের সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ততা আছে। রাজনৈতিক নেতাদের হয়রানি করছি না।’

বিবৃতিতে মানবাধিকার ইস্যুতে উদ্বেগ জানানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি প্রতিবেদন দেখিনি। আপনি অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করেন, আমরা একটা আদর্শ দেশ। গাজায় কী ধরনের মানবাধিকার হচ্ছে? এমনকি অন্যান্য উন্নত দেশেও লোকজন ক্লাবে-স্কুলে মেরে ফেলে। আমাদের এখানে বিনা বিচারে কাউকে মারা হয় না।’ তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে অন্যান্য মানবাধিকার এবং ন্যায়বিচারের বিষয়ে শিক্ষা নেওয়া দরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত