আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী হওয়া জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে করা আপিল নামঞ্জুর করে রায় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তার প্রার্থিতা বৈধই রয়ে গেল। তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান আপিলটি করেছিলেন।
আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন শুনানি শুরু হয়। বেলা একটা পর্যন্ত শুনানি চলে। দুপুরে আপিল শুনানি শেষে জাপা মহাসচিবের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রার্থিতা নিয়ে আজ বুধবার প্রথম ভাগে ৫৯টি আপিল আবেদনের শুনানি করেছে নির্বাচন কমিশন। আপিলে ২৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, দুজন হারিয়েছেন। ৩২ জনের প্রার্থিতা বাতিলই থাকছে। একজনের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।
তবে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা যে রায় দিয়েছিলেন তা বহাল রয়েছে। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে তিনি যে আপিল আবেদন করেছিলেন, তা আজ শুনানিতে নামঞ্জুর হয়।
