কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৮ বছর বয়সী রিফাত। গতকাল রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার।
বাহাউদ্দীন বাহার জানান, এর আগে আরফানুল হক রিফাত হৃদরোগ ও মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায়ও ভুগছিলেন। শ্বাসকষ্ট নিয়ে তিনি গত সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন।
এদিকে মাত্র ১৭ মাস আগে মেয়রের দায়িত্ব নেওয়া রিফাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে এক শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এছাড়া সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। সমস্ত কুমিল্লা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
