১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ৪ দিনব্যাপী মহান মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে মহান মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
মহান মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে শিক্ষার্থীদের। প্রতিটি শিক্ষার্থী যেভাবে বেড়ে উঠে সঠিক শিক্ষায়, ঠিক সেভাবে প্রতিটি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের, লড়াই-সংগ্রামের সঠিক ইতিহাস জানতে হবে। শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানানোর জন্য এই আয়োজন।
আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ, মোতাহার হোসেন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ইনচার্জ হারুন অর রশীদ, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আঞ্জুয়ারা খাতুন, প্রাথমিক শাখার ইনচার্জ মঞ্জুরা পারভীনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
