লঙ্কানদের নতুন ‘ক্রিকেট পরামর্শক’ সনৎ জয়সুরিয়া

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

বিশ্বকাপ পরবর্তী অদলবদলের অংশ হিসেবে এবার দেশটির সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার সনৎ জয়াসুরিয়াকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে এক বছরের জন্য নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় দেশটির বোর্ড।

এসএলসির ক্রিকেট পরামর্শক হিসেবে জয়সুরিয়ার দায়িত্ব হবে ক্রিকেট সংশ্লিষ্ট জাতীয় কর্মকাণ্ডসমূহে সর্বোচ্চ পর্যায়ে পেশাদারিত্ব নিয়ে আসা। খেলোয়াড় এবং কোচরাও তার পর্যবেক্ষণের অধীনে থাকবেন। এছাড়া জাতীয় পর্যায়ে স্কিল কার্যক্রমও পরিচালিত হবে তার অধীনে। এর আগেও লঙ্কান বোর্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। দুই দফায় দেশটির প্রধান নির্বাচক ছিলেন সনৎ।

১৯৯৬ সালের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জয়সুরিয়া ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার। প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১০টি টেস্টের সঙ্গে তিনি খেলেছেন ৪৪৫টি ওয়ানডে ও ৩১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ২১ হাজারের ওপর রান, ৪২টি শতকের পাশাপাশি ৪৪০টি উইকেট আছে তার।

জয়সুরিয়ার নিয়োগের একদিন আগে গতকাল নতুন নির্বাচক কমিটি ঘোষণা করে এসএলসি। সাবেক তারকা ক্রিকেটার উপুল থারাঙ্গাকে চেয়ারম্যান করে গঠিত এ কমিটিতে আছেন অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পরানাভিতানা ও দিলরুয়ান পেরেরা। এসএলসির ওপর আইসিসির নিষেধাজ্ঞা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি রয়েছে। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত