স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাসটা অনেক আনন্দের। কারণ সারা বছরের ক্লাস শেষে বার্ষিক পরীক্ষার পর বেশ কিছুদিন অবসর পাওয়া যায়। এই ছুটির দিনগুলো হেলায় নষ্ট না করে সুন্দরভাবে কাজে লাগাও।
পাঠ্যবইয়ের বাইরের বই পড়ো
পড়ার কথা বললে আমাদের সামনে ভেসে ওঠে পাঠ্যবইয়ের ছবি। এ কারণে পড়তে আমাদের ভালো লাগে না। কিন্তু পড়াটা যদি হয় মজার মজার গল্প, রহস্য, ভ্রমণ কিংবা কমিকসের বই তাহলে সবারই ভালো লাগে। সারা বছর ক্লাসের পড়া শেষ করে হয়তো পাঠ্যবইয়ের বাইরে অন্য কোনো বই পড়া হয়ে ওঠে না। তাই এই সময়টা নিজের ইচ্ছামতো বই পড়ার দারুণ সুযোগ। তোমার যে ধরনের বই পড়তে ভালো লাগে সে ধরনের বেশ কিছু বই সংগ্রহ করো। সংগ্রহে রাখতে পারো নন্টে ফন্টে সমগ্র, ঠাকুমার ঝুলি, বীরবলের গল্প, সাগরতলে ষাট হাজার মাইল, রবিনসন ক্রুসো, গালিভারস ট্রাভেলস, পথের পাঁচালী, চাঁদের পাহাড়, তিন গোয়েন্দা সিরিজ, ফেলুদা সমগ্র কিংবা ব্যোমকেশ সমগ্রের মতো অসাধারণ বই। মনে রাখবে, বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। বই পড়লে তোমার কল্পনাশক্তি সমৃদ্ধ হবে, বিচার-বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে।
দেখো ভালো চলচ্চিত্র
চলচ্চিত্র একটি সমাজ এবং সময়ের সার্বিক অবস্থা ধারণ করে। একটি ভালো চলচ্চিত্র তোমার জীবন বদলে দিতে পারে। কারণ গল্পের বিষয়বস্তু, চরিত্র আমাদের ভাবতে শেখায়। এই অবসরে দেখতে পারো দেশ-বিদেশের কালজয়ী সব চলচ্চিত্র। দেখতে পারো আমার বন্ধু রাশেদ, দীপু নম্বর টু, এমিলের গোয়েন্দা বাহিনী, ডুমুরের ফুল, ছুটির ঘণ্টা, দূরত্ব, রামের সুমতি, গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে। অন্য ভাষার চলচ্চিত্রের মধ্যে রয়েছে দ্য জাঙ্গল বুক, ডেসপিকেবল মি, হ্যারি পটার, হোম অ্যালোন ইত্যাদি।
খেলতে যাও
ছুটির এই সময়ে কম্পিউটার আর মোবাইলে ভিডিও গেমস খেলা নয়, খেলতে যাও মাঠে। ছুটিতে অনেকের গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগ হয়। তখন সব ভাইবোনরা একত্র হয়। সবার সঙ্গে খেলাধুলায় মেতে ওঠো। খেলার মাঠে ফুটবল বা ক্রিকেট। যারা শহরে থাকো বাসার নিচে খালি জায়গায় বা পার্কে বন্ধুরা মিলে খেলতে যেতে পারো। আর হ্যাঁ, শীতের সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলতে ভুলো না যেন। খেলাধুলা শরীরকে অনেক ভালো রাখে।
নিজেকে আবিষ্কার করো
ছুটির এই সময়টা মন খুলে হাসো, প্রাণ খুলে খেলো। অর্থাৎ যা ইচ্ছে তাই করো। যদি ছবি আঁকতে মন চায়, ঝটপট আঁকো। আবৃত্তি করো, গান গাও। শুদ্ধ উচ্চারণ চর্চা করো, অভিনয় করো। এই কাজগুলো তোমার মধ্যে সুপ্ত থাকা প্রতিভাকে বিকশিত হতে সাহায্য করবে। এককথায় মনকে ভালো রাখো। মনে রাখবে, যখন আমাদের মন ভালো থাকে, তখন আমরা কাজ করে আনন্দ পাই। তাই এই অবসর সময়টা ফুরফুরে মেজাজে থাকো, পড়াশোনার চাপ থেকে নিজেকে ছুটি দাও।
নূরে আলম সিদ্দিকী শান্ত
