রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃৃত্তরা। পরে এলাকাবাসীর প্রতিরোধে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি-খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন। ঘটনাটি ঘটে গত বুধবার রাত ১০টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়া নামক স্থানে। এ ঘটনায় ডোমার-চিলাহাটি পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
এলাকাবাসী জানায়, ‘রাতে ওই এলাকায় রেললাইনের লোহালক্কড় খোলার শব্দ শোনা যায়। এগিয়ে গেলে একদল দুষ্কৃতকারীকে রেললাইনের ফিশপ্লেট পিন খুলতে দেখা গেলে লোকজন জোটবদ্ধ হয়ে ধাওয়া করে। এতে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।’
ওই গ্রামের রাজেশ্বর রায় (৩০) বলেন, ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে ৩ থেকে ৪ লোক উপস্থিত ছিল। তারা সবাই বিভিন্নভাবে লালসংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, এলাকাবাসীর ধাওয়ায় দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিচ ফিশপ্লেট ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামতের প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অন্যদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে। তিনি জানান, গতকাল বিকেল পর্যন্ত সৈয়দপুর-নীলফামারী-ডোমার-চিলাহাটি রেললাইনে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। সতর্কতার জন্য রেলওয়ে পুলিশ সন্ধ্যার পর বিশেষ টহল দেবে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে রেললাইনের পাশে এলাকাবাসীকে রাতে সচেতন থাকার জন্য বলা হয়েছে।
