কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রবিবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা দুটি বার্তায় এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় তারা প্রয়াত কুয়েতের আমিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার ও সে দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ইসলামিক বিশ্বের উন্নয়নে কুয়েতের আমির শেখ নওয়াফের অবদান স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপ্রধান কুয়েতের জনগণের উত্তরোত্তর শান্তি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে আশা করেন, আগামীতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় লিখেছেন, ‘রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের এই অপূরণীয় ক্ষতির জন্য বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকার আমার সঙ্গে কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ও আন্তরিক দুঃখ প্রকাশ করছে। আমি আল্লাহ (সুবহানাহু ওয়া তা’লা)-র কাছে তাকে (আমিরকে) জান্নাতের সর্বোত্তম স্থান প্রদানের জন্য দোয়া করছি।’
শেখ হাসিনা বলেন, ‘শেখ নওয়াফ ছিলেন আমাদের সময়ের বৈশ্বিক মর্যাদার একজন নিষ্ঠাবান, গতিশীল ও দূরদর্শী নেতা। তিনি (আমির) অবশ্যই বিশ্বের জন্য উৎসর্গ, ত্যাগ ও কৃতিত্বের দৃষ্টান্ত রেখে গেছেন। আরব ও মুসলিম উম্মাহর এই মহান নেতা বাংলাদেশের একজন বিশ্বস্ত ও উদার বন্ধু ছিলেন।’
তিনি আরও বলেন, ‘কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণে মহামান্যের অপরিসীম অবদানের কথা আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’
