প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে দেওয়া রুল শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছে উচ্চ আদালত। গতকাল রবিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করে।
৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ মামলায় কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ রুলের জবাব দেওয়ার পর গত বৃহস্পতিবার মির্জা ফখরুলের আইনজীবীরা রুলের শুনানির তারিখ ধার্য করতে আদালতে আরজি জানান। এরই ধারাবাহিকতায় গতকাল শুনানির তারিখ ধার্য করল হাইকোর্ট। আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও সগির হোসেন লিয়ন।
অ্যাডভোকেট সগির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আগামীকাল (সোমবার) শুনানির আরজি জানিয়েছিলাম। আদালত বলেছেন, সুপ্রিম কোর্টের অবকাশের (১৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি অবকাশ) পর তারা রুল শুনবেন।’
৩ ডিসেম্বর রাজধানীর রমনা থানায় করা এই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। এর আগে গত ২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালত তার জামিন নামঞ্জুর করে।
