অতি উৎসাহিত হয়ে ভোটকেন্দ্রে সিল মারতে যাবেন না: পাপন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ এএম

নেতাকর্মীদের উদ্দেশে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাবধান কেউ যেনো অতি উৎসাহিত হয়ে ভোটকেন্দ্রে সিল মারতে যাবেন না। কেউ এই কাজ করতে গেলে তাকে আপনারা বাধা দেবেন। জননেত্রী শেখ হাসিনা দেশ-বিদেশের মানুষদের কাছে সুষ্ঠু, সুন্দর নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি যেনো নস্যাৎ না হয়।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে ভৈরবে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে এইসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকারি কাদির বকশ সরকার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় তিনি আর বলেন, বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের সরকার পরিবর্তনের একমাত্র পন্থা নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়।

পাপন বলেন, বিএনপিসহ তাদের দোসররা নির্বাচন নয়—দেশে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় যেতে চায়। তারা জ্বালাও-পোড়াও করে, মানুষ হত্যা করে, দেশের সম্পদ নষ্ট করে ক্ষমতায় যেতে চায়।

এই সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে করে বলেন, এবারের নির্বাচন একটি ব্যতিক্রমী নির্বাচন। যেহেতু মাঠে শক্ত কোনো বিরোধীপক্ষ নেই, তাই “নৌকা তো পাস করবেই”—এই মনোভাব নিয়ে ঘরে বসে থাকলে হবে না। কেন্দ্রে গিয়ে যার যার ভোট দিতে হবে এবং অন্যদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাবেক একান্ত সচিব সাখাওয়াত হোসেন সাকু, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত