১ জানুয়ারি থেকে ঢাকা থেকে কক্সবাজার রুটে বর্তমান ট্রেনের সঙ্গে আরেকটি ট্রেন চলাচল শুরু হবে। একই দিন খুলনা-মংলা আনুষ্ঠানিকভাবে ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ সকালে রাজধানীর রেল ভবনে আয়োজিত রেলে নাশকতার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৬ নভেম্বর থেকে আজ পর্যন্ত অগ্নিসংযোগ এবং রেললাইন কেটে ফেলার কারণে দেশের বিভিন্ন স্থানে পাঁচজন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। এছাড়া ৫টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে। কিন্তু কেন এই সহিংসতা? এভাবে সহিংসতা চলতে থাকলে তো আমাদের পক্ষেও নিরাপত্তা দেওয়া সম্ভব না।
তিনি বলেন, রেল এখন নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ বাহন। রেলকে আরও জনপ্রিয় করতে আমরা অনেক উন্নয়ন করেছি। সেই উন্নয়ন অব্যাহত থাকবে।
