নারীর গল্প এখনো পুরুষের দৃষ্টিতেই দেখানো হয়

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ এএম

সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা জাকিয়া বারী মম একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেলেও বর্তমানে অনিয়মিত। তবে সমানতালে অভিনয় করছেন নাটক ও ওটিটিতে। কাজ ও সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা বলেন ইমরুল নূর।

গতকাল আপনার জন্মদিন ছিল। কেমন গেল দিনটি?

জন্মদিন বরাবরই পরিবারের সঙ্গে উদযাপন করি। আমার ছেলে, মা-বাবা ও ভাই তাদের সময় দিয়েই কেটে যায়। বেশ ভালো আছি। মা-বাবার প্রতি অসীম কৃতজ্ঞতা।

এখন ব্যস্ততা কী নিয়ে?

নাটক-ওটিটি দুটো মিলিয়েই ব্যস্ততা যাচ্ছে। এর মধ্যে নতুন দুটি ওয়েব সিরিজের কাজ করেছি। দুটোরই শুটিং শেষ, শুধু রিলিজের অপেক্ষা। কিন্তু এখনই এগুলো নিয়ে ডিটেল কিছু বলতে পারব না, নিষেধ রয়েছে।

ওটিটিকেই প্রায়োরিটি দিচ্ছেন বেশি?

এ কথাটা একদমই ঠিক না। দুই জায়গাতেই কাজ করছি, কিন্তু একটু কম। আমার কাছে প্ল্যাটফর্ম প্রায়োরিটি না। গল্প, চরিত্র ও পরিচালক হচ্ছে প্রধান প্রায়োরিটি। নাটক দিয়েই আমার পরিচিতি, নাটক দিয়েই আমি মানুষের কাছে পৌঁছাতে পেরেছিএটাকে অস্বীকার করার কোনো সুযোগও নেই। আবার যৌক্তিক কারণও নেই।

এখানে আপনি কী কী নতুনত্ব বা বিচিত্রতা পেয়েছেন?

পরিচালকরা গল্প বলার ক্ষেত্রে একটু অন্য রকম চেষ্টা করছেন, এদিকটাই বিচিত্রতা রয়েছে। সেদিক থেকে নারীকেন্দ্রিক গল্পের কাজ কম হচ্ছে। হলেও পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে গল্প, চরিত্র রাখা হয়। এখনো পুরুষের দৃষ্টিতে নারীর গল্প দেখানো হয়, চরিত্র দেখানো হয়। স্বাভাবিকভাবেই সেখানে নারীর ভূমিকা একদম গৌণ। এটা ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র। সেদিক থেকে খুব পরিবর্তন হয়েছে এটা বলব না। দৃষ্টিভঙ্গির জায়গা থেকে খুব একটা পরিবর্তন হয়নি। তবে কাজ করার কিছু ভালো সুযোগ সৃষ্টি হয়েছে। নারীকেন্দ্রিক কিছু গল্প উঠে এসেছে, তবে সেটা অনেক কম। আর যেসব চরিত্র দেখেছি, এর মধ্যে কলেজপড়ুয়া, গার্লফ্রন্ড, স্ত্রী এসব চরিত্রে কাজ বেশি হচ্ছে কিন্তু মেয়েদের প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে কিছু উঠে আসছে না বা দেখানো হচ্ছে না।

গত দুই বছরে নারীকেন্দ্রিক গল্পের কাজ আগের চেয়ে অনেকাংশে বেড়েছে বলে জানি। সেদিক থেকে এসব গল্পে আপনি কাজের প্রস্তাব কম পাচ্ছেন, বিষয়টা এ রকম কি?

না না। আমার কাছে কম প্রস্তাব আসছে বিষয়টা এমন না, এমন গল্পে কাজই কম হচ্ছে। এর মধ্য থেকে আমি কিছু কাজ করেছি। এর জন্য আমি আমার ইন্ডাস্ট্রি, পরিচালক এবং দর্শকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ আমি অনেকগুলো আলাদা আলাদা নারীপ্রধান চরিত্রে কাজ করতে পেরেছি। এ বছরই তিনটা কাজ করেছি অগোচরা, সাড়ে ষোলো এবং মারকিউলিস।

বছরান্তে এসে আপনার প্রাপ্তি ও অপ্রাপ্তি...

অপ্রাপ্তি কিছু নেই। যা পেয়েছি তার সবটুকুই প্রাপ্তি। পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কাজ দিয়ে দর্শকের সঙ্গে থাকতে পেরেছি, সবটাই স্বাভাবিক প্রাপ্তি। এ বছরটার কাছে কৃতজ্ঞ।

ইন্ডাস্ট্রিতে মেধার মূল্যায়ন কতটুকু হয় বলে আপনার কাছে মনে হয়?

নিশ্চয় মেধার এবং মেধাবী শিল্পীর মূল্যায়ন হয়। চঞ্চল ভাই, মোশাররফ করিম ভাই মেধার প্রমাণ দিয়েই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। ওনাদের সেরা অবস্থানে আছেন। আমি শুধু দুজনের উদাহরণ দিয়েছি। কারণ ওনাদের দেখে দেখেই আমরা শিখেছি। প্রত্যেকেই তাই। মেধার চর্চা থাকলে সে সুফল পাবেই। আমার যতটুকু মেধা আছে তার ভিত্তিতেই কিন্তু এখনো কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি, মেধার মূল্যায়ন হয়।

সবশেষে ব্যক্তিগত প্রশ্ন। বিয়ে নিয়ে কি পরিকল্পনা করছেন?

এ রকম কোনো কিছুই এখনো ঘটেনি। এখন বিয়ে নিয়ে সেভাবে ভাবছি না। কাজ, নিজের সন্তান, মা, অর্থাৎ পরিবার নিয়েই ব্যস্ত আছি। আর এটা নিয়ে ভাবার তো কিছু নেই, সৃষ্টিকর্তা চাইলে একদিন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত