উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে ২০ জেলার ২ কোটি শিশু

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ এএম

দেশে প্রাকৃতিক দুর্যোগে তিন দশকের বেশি সময় ধরে বছরে ৬ হাজার ১৮৮ জন প্রাণ হারিয়েছে বলে রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে জানানো হয়েছে। জাতিসংঘ জরুরি শিশু তহবিল বা ইউনিসেফ (ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড) গবেষণার তথ্য তুলে ধরে আলোচকরা জানান, এ সময় ২০ জেলার ১ কোটি ৯৪ লাখ শিশু জলবায়ু পরিবর্তনের কারণে উচ্চ স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয়েছে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়, বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায়, বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায়। গতকাল বুধবার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি ‘এই কম্প্রিহেনসিভ ডায়ালগ অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। আলোচকরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩১ শতাংশ এবং দুর্যোগপ্রবণ এলাকায় ২৩ শতাংশ শিশু মানসিক ব্যাধির সম্মুখীন হয়, যা মানসিক স্বাস্থ্যের বিকাশের পথে অন্তরায়। সেমিনারে বলা হয়, জলবায়ু পরিবর্তন বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকিকে তীব্রতর করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, কালাআজার, কলেরা, ডায়রিয়া, চিকেনপক্স, মাম্পস, অপুষ্টি ইত্যাদির মতো রোগের জন্ম দেয়।

পরিবর্তিত জলবায়ু প্যাটার্ন জলবাহিত এবং ভেক্টরবাহিত রোগে অবদান রাখে, স্বাস্থ্যসেবা অবকাঠামোকে প্রভাবিত করে। সেমিনারে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির সভাপতি ডা. আসাদুর রহমান নবীন জানান, এই প্রতিষ্ঠান সেমিনারে উঠে আসা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি নিরসনে নেওয়া বিভিন্ন গবেষণা প্রকল্পের কাজ শিগগির শুরু করবে। সেমিনারে আলোচক হিসেবে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামসহ অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত