ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ জিম্বাবুয়ের ২ ক্রিকেটার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম

একে তো মাঠের পারফরম্যান্স হচ্ছে যাচ্ছেতাই, সঙ্গে এবার দুই ক্রিকেটারকেও হারাল জিম্বাবুয়ে। ডোপ-বিরোধী বিধি ভাঙায় শাস্তি পেয়েছেন ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুটা। দুজনকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। শুনানি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তারা।

জেডসি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে মাধেভেরে ও মাভুটার শাস্তির কথা জানায়। সম্প্রতি ডোপ টেস্টে তারা পজিটিভ হয়েছেন। দুজনের নমুনায় নিষিদ্ধ বিনোদনমূলক ওষুধের উপস্থিতি পাওয়া যায়।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাভুটার। এখন পর্যন্ত ৪টি টেস্ট, ১২ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। যার সবশেষটি গত রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে।

অন্যদিকে, মাধেভেরের আন্তর্জাতিক অভিষেক ২০২০ সালে। এখন পর্যন্ত দুটি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের। এই দুজনের নিষিদ্ধের খবর এমন সময়ে এলো যখন জেডসি এখনও কোচের পদত্যাগের ধাক্কা সামলে উঠতে পারেনি।

আর মাঠেও সময় ভালো যাচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেটের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে না পারায় বুধবার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ডেভ হটন। পরদিনই এলো মাধেভেরে ও মাভুটার নিষেধাজ্ঞার খবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত