নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন পলাতক আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল বুধবার রংপুর বদরগঞ্জ এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
মাহফুজুল আলম রাসেল জানান, গত ২০সেপ্টেম্বর জয়পুরহাট পাঁচবিবি এলাকায় এই জঙ্গি সংগঠনের দুইজন সক্রিয় সদস্য মুজাহিদুল ইসলাম ও সাকির আহমদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পাঁচবিবি থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। ওই মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ছিলেন আরিফুল।
আরিফুল ইতোপূর্বে গ্রেপ্তার মুজাহিদুল ইসলামের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ যোগ দেন। আরিফুলসহ তার অন্যান্য সহযোগীরা সাইবার স্পেস ব্যবহার করে জননিরাপত্তা বিপন্ন করার জন্য নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
